
দুবেলা, সুদীপা দাস: রাত পোহালেই ভোটের ফল প্রকাশ। তার আগে রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি বাড়তে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাদের মতে, রবিবার ও সোমবার এই দু’দিন জুড়েই দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী, শিলাবৃষ্টি, ও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে মালদা জেলায়। ফলে ভোট গণনার কাজে বিঘ্ন ঘটারও আশঙ্কা তৈরি হয়েছে।
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে কখনো মেঘ আবার কখনো চড়া রোদ। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও প্রবল।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রবিবারই ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে সোমবার ভোট গণনার দিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।একই সঙ্গে উত্তরবঙ্গেও আবহাওয়ার অবনতি হতে পারে। জলপাইগুড়িতে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি পার্বত্য এলাকা-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়বৃষ্টির দাপট বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
