আর্থিক অনিয়মের অভিযোগে রাজ কলেজের অধ্যক্ষ সাসপেন্ড

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস : বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। কলেজ পরিচালন সমিতির অভিযোগ, তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, কর্তব্যে গাফিলতি ও কাজের ত্রুটির মতো গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার পরিচালন সমিতির বৈঠকে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক বিজয় চাঁদ আপাতত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন বলে ঠিক হয়েছে।

এই ঘটনায় গত বছরের সেপ্টেম্বর থেকে কলেজে অধ্যক্ষের ভূমিকা নিয়ে অশান্তি চলছিল। পড়ুয়াদের অভিযোগ ছিল, অধ্যক্ষ উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় তহবিল আটকে রেখেছেন, ফলে কলেজের উন্নয়ন থমকে গেছে। অক্টোবর মাসে অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, তিনি কলেজের উন্নয়ন চান, কিন্তু পরিচালন সমিতি তহবিল মুক্ত না করায় উন্নয়ন সম্ভব হচ্ছে না। পরবর্তীতে পরিচালন সমিতি অধ্যক্ষকে শোকজ করে। তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায়, পরিচালন সমিতি সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। পরিচালন সমিতির সভাপতি স্বপন কুমার পান বলেন, “অধ্যক্ষের বিভিন্ন কাজ নিয়ে প্রশ্ন ছিল। তাই শোকজ করা হয়েছিল। সেই জবাবে পরিচালন সমিতির সংখ্যাগরিষ্ঠ অংশ সন্তুষ্ট হয়নি। তাই সবার সিদ্ধান্ত মতো অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়েছে।”

অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, “পরিকল্পনা করেই আমায় সরানো হয়েছে। কলেজে কর্মীর অপ্রতুলতা, অ্যাকাউন্টের কাজ করার মতো সুনির্দিষ্ট কর্মী না থাকা এবং অসহযোগিতার জন্যই সংশ্লিষ্ট সমস্যাগুলো সৃষ্টি হয়েছে।” তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন। এই পরিস্থিতিকে সামাল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিজয় চাঁদকে সাময়িকভাবে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *