Suvendu Adhikari's P.A., Chandranath Rath, Murdered in Madhyamgram
দুবেলা, রিয়া বিশ্বাস: মধ্যমগ্রামে চাঞ্চল্যকর খুনের ঘটনায় নিহত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ। তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথ রথ মধ্যমগ্রামে বাড়ির কাছেই গাড়িতে করে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ি এসে তাঁর গাড়ির পথ আটকায়। অভিযোগ, এরপরই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। মৃত্যু নিশ্চিত করতে ১২ থেকে ১৬ রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি। মাথা, বুক ও পেটে গুলি লাগে চন্দ্রনাথের।
ঘটনার পর আততায়ীরা নিজেদের গাড়ি ফেলে রেখে দুটি বাইকে চেপে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি গাড়ি উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গাড়িটিতে ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল এবং গাড়ির চ্যাসিস নম্বরও বিকৃত করা হয়েছে। বাইক দুটির নম্বর প্লেটও ভুয়ো বলে সন্দেহ পুলিশের। রক্তাক্ত অবস্থায় চন্দ্রনাথ রথ ও গাড়ির চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। আহত চালকের চিকিৎসা চলছে।
ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি-র বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, বিকেল ৩টা ৫৭ মিনিট নাগাদ ঘটনাস্থলে আততায়ীদের গাড়িটি উদ্ধার হয়। তদন্তকারীদের অনুমান, দীর্ঘক্ষণ ধরেই চন্দ্রনাথ রথের গতিবিধির উপর নজর রাখছিল দুষ্কৃতীরা। ঘটনার পর ভেঙে পড়েছেন শুভেন্দু অধিকারী তবে তিনি শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে আইন হাতে না নেওয়ার বার্তা দিয়েছেন। এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, রাজনৈতিক চক্রান্তের জেরেই চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
