হাওড়ার আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু এক বৃদ্ধার

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: হাওড়ার আন্দুলে একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আবাসনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনায় ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার লিক থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের পাঁচটি ইঞ্জিন কাজ করে। আগুন নেভানোর কাজে আবাসনের পাশের পুকুর থেকেও জল নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসনে আগুন মোকাবিলার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এমনকি ইমার্জেন্সি এক্সিটও ছিল না বলে অভিযোগ উঠেছে। ফলে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে। জানা গিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে মোট ২২টি ফ্ল্যাট ছিল। দমকল পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নেমে পড়েন। তাঁদের তৎপরতায় প্রায় ১৫ থেকে ২০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
আবাসনের পাশেই একই ধরনের আরও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। তবে আগুনের আঁচ সেখানে পৌঁছয়নি এবং কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের তৎপরতা এবং দমকল বাহিনীর দ্রুত হস্তক্ষেপে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আবাসনে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *