দুবেলা, রিয়া বিশ্বাস: জঙ্গি কার্যকলাপে সহায়তার অভিযোগে শনিবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে। পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)-এর তৎপরতায় এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়।
তদন্তকারী সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজে অর্পিতা সরকারকে ব্যবহার করত হামিম। এর আগে হামিমকে একটি জিম থেকে গ্রেপ্তার করা হয়। তদন্তে তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখে অর্পিতার নাম সামনে আসে।
তদন্তকারীদের দাবি, হামিম হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্পিতাকে বিভিন্ন নির্দেশ দিত এবং একাধিক ‘অ্যাসাইনমেন্ট’-এর দায়িত্ব অর্পিতার উপর ন্যস্ত করত। অভিযোগ, উচ্চপদস্থ ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নানা তথ্য জোগাড় করার কাজ করত অর্পিতা। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কিত তথ্য সংগ্রহের চেষ্টাতেও তাকে ব্যবহার করা হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি।
সূত্রের খবর, সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে অর্পিতার যোগাযোগের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, হামিম জইশ-ই-মোহাম্মদ-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছ থেকে যে সমস্ত অ্যাসাইনমেন্ট পেত, তার কিছু বাস্তবায়নের দায়িত্ব অর্পিতার উপর দেওয়া হতো বলেও তদন্তকারীদের প্রাথমিক অনুমান।
বর্তমানে হামিম ও অর্পিতা—উভয়ের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে খুব শীঘ্রই দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।
