IPL অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন অশ্বিনী কুমার

Spread the love

দুবেলা, দিশা সাহা মন্ডল: মুম্বই ইন্ডিয়ান্সের উদীয়মান পেসার অশ্বিনী কুমার তার আইপিএল অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে চার উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই ম্যাচে তার শিকার ছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, মনীশ পান্ডে এবং বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। এই সাফল্য কেবল তার প্রতিভার পরিচয়ই দেয় না, বরং তার কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের গল্পও বলে।

অশ্বিনীর ক্রিকেট যাত্রা সহজ ছিল না। তার বাবা হরকেশ কুমার একজন সাধারণ কৃষক। ছেলেকে স্টেডিয়ামে পাঠানোর জন্য তিনি প্রতিদিন মাত্র ৩০ টাকা দিতেন। কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি যে এই ছেলেই একদিন লাখো মানুষের গর্ব হবে। অশ্বিনী কখনো সাইকেলে, কখনো অটোতে চড়ে স্টেডিয়ামে যেতেন। দিনে অনুশীলন, রাতে ঘরে ফেরা এই নিয়মেই কেটেছে তার শৈশব। তার বড় ভাই শিব রানা জানান ছোটবেলা থেকেই অশ্বিনী জসপ্রীত বুমরাহ ও মিচেল স্টার্কের মতো হতে চেয়েছিলেন। একাধিক আইপিএল দলের ট্রায়ালে অংশ নিয়েও প্রথম দিকে সুযোগ পাননি। তার বন্ধুরা টাকা জোগাড় করে ক্রিকেট বল কিনত আর যখন মুম্বই ইন্ডিয়ান্স ৩০ লক্ষ টাকায় তাকে দলে নেয়, তখন তিনি প্রথমেই গ্রামের ছোট ক্রিকেট অ্যাকাডেমিগুলোতে ক্রিকেট ও বল বিতরণ করেন।

পিসিএ অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সময় প্রাক্তন ভারতীয় পেসার ভিআরভি সিং তার প্রতিভা প্রথম লক্ষ্য করেন। তার গতি ও বোলিং স্কিলের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করানো হয়। সেই পরিশ্রমেরই ফল আজকের এই সাফল্য। অধিনায়ক হার্দিক পান্ডিয়া তার প্রতি আস্থা রেখে বলেন”তুমি পঞ্জাব থেকে এসেছ, আর পঞ্জাবের মানুষ কিছুতেই ভয় পায় না। তোমাকে প্রতিপক্ষকে ভয় দেখাতে হবে এবং উপভোগ করতে হবে।” ম্যাচ শেষে অশ্বিনী বলেন”আমার প্রিয় উইকেট আন্দ্রে রাসেল কারণ তিনি বড় মাপের খেলোয়াড়। তার উইকেট নেওয়াটা স্বপ্নপূরণের মতো অনুভূতি”।

অশ্বিনী কেবল আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেই থামতে চান না। তিনি আরও বড় মঞ্চে নিজের প্রতিভার প্রমাণ দিতে চান। তার এই যাত্রা শুধুমাত্র তার নিজের নয় বরং সব তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণার এক অনন্য গল্প ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *