ব্রিগেডে আগামীকাল শপথ বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,  ঘোষণা অমিত শাহের

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: দীর্ঘ রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে,অবশেষে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামীকাল কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বৃহৎ অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করতে চলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হল আজ । তাঁর উপস্থিতিতেই শুভেন্দু অধিকারীর নামের উপর চূড়ান্ত সিলমোহর পড়েছে বলে সূত্রের খবর।


রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রায় ৫৫ বছর পর আবারও মেদিনীপুর জেলা থেকে একজন মুখ্যমন্ত্রী পেতে চলেছে বাংলা। এর আগে ১৯৬৭ সালে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখার্জী । সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে এবার মেদিনীপুরেরই ভূমিপুত্র শুভেন্দু অধিকারী রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চলেছেন বলে জল্পনা তুঙ্গে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন দিলীপ ঘোষ । পরে কেন্দ্রীয় নেতৃত্ব সেই প্রস্তাবে সম্মতি জানায়। এরপরই আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করা হয় বলে খবর।

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে “জায়েন্ট কিলার” হিসেবেই পরিচিত শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে রাজ্যের বিরোধী রাজনীতিতে তাঁর উত্থান দীর্ঘদিন ধরেই আলোচনারকেন্দ্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে শুভেন্দুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণেই তাঁকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর সিদ্ধান্ত দলীয় নেতৃত্বের বড় রাজনৈতিক বার্তা বলেই মনে করা হচ্ছে। আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। ব্রিগেড চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি সমর্থকদের কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন আগামীকালের দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *