মহিলা সংরক্ষণ বিলের আড়ালে বিজেপি দেশকে বিভক্ত করতে চায়- মমতা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: উলুবেড়িয়া ও পাঁচলায় নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। শনিবারের এই জনসভা থেকে তিনি সরাসরি কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি -কে নিশানা করে একাধিক ইস্যুতে কড়া ভাষায় সমালোচনা করেন।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অভিযোগ করেন, মহিলাদের জন্য সংরক্ষণ বিলের আড়ালে বিজেপি দেশকে বিভক্ত করার রাজনীতি করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমতে শুরু করেছে এবং তাঁর “পতনের সূচনা হয়ে গেছে”।


তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার ব্যবহার নিয়েও সরব হন তিনি। অভিযোগ করে বলেন, ভোটের আগে তৃণমূল প্রার্থীদের বাড়িতে আয়কর হানা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। তাঁর বক্তব্য, “ক্ষমতা থাকলে সামনাসামনি লড়াই করুন, এভাবে ভয় দেখিয়ে কিছু হবে না।”
মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “গদি মিডিয়া” কেন্দ্রের নির্দেশ মেনে চলছে এবং সত্য তুলে ধরছে না। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি দেশকে ভাগ করার চেষ্টা করছে এবং বাংলাকেও টার্গেট করা হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকেও টার্গেট করব।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কটাক্ষ করেন তিনি, যদিও সেই মন্তব্যকে অনেকেই রাজনৈতিক বাকযুদ্ধের অংশ হিসেবেই দেখছেন।
এদিনের সভায় ভোটার তালিকা নিয়েও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বাংলার বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের ‘অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।
উলুবেড়িয়া ও পাঁচলার এই জনসভা কার্যত রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। আসন্ন নির্বাচনের আগে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে এই তীব্র বাকযুদ্ধ যে আরও জোরদার হবে, তা বলাই বাহুল্য।

দুবেলা নিউজকে follow করুনঃ

https://www.facebook.com/dubelanews

https://x.com/dubelanewsdesk

https://www.youtube.com/@DUBELANEWS

https://www.instagram.com/dubelanews/

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *