পহেলগাঁও কান্ডে ভারতের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র-ডোনাল্ড ট্রাম্প

Spread the love

দুবেলা, জুম দত্ত:  পহেলগাঁও কান্ডে সন্ত্রাসবাদীদের শনাক্ত করতে এবং উপযুক্ত শাস্তি দিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে বলে আশ্বাস দিলেন  ডোনাল্ড ট্রাম্প। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এর জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার তিন দিন পর, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড ইসলামপন্থী সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন এবং বলেছেন, “হামলাকারীদের শনাক্ত করতে এবং শাস্তি দিতে ভারতকে পূর্ণ সাহায্য ও সমর্থন করবে যুক্তরাষ্ট্র”।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পহেলগাঁও কাণ্ড নিয়ে বলেছেন যে, ভারত প্রত্যেক সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের শনাক্ত করবে, খুঁজে বের করবে এবং কঠোর শাস্তি দেবে। এরই মধ্যে গ্যাবার্ড শুক্রবার এক বিবৃতিতে বলেন, “পহেলগাঁওতে ২৬ জন হিন্দুকে লক্ষ্য করে হত্যা করা ইসলামপন্থী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আমরা ভারতের পাশে আছি। যারা প্রিয়জন হারিয়েছেন,এছাড়াও প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণের প্রতি আমার প্রার্থনা ও গভীর সমবেদনা রইল।

এই নৃশংস হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার সময়ে আমরা ভারতের পাশে আছি এবং সমর্থন করছি।” উল্লেখ্য, এই বিবৃতির কয়েক ঘণ্টা আগেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক পাকিস্তানি সাংবাদিকের পহেলগাঁও হামলা সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন। তবে ব্রুস বলেন, “যুক্তরাষ্ট্র সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং এই জঘন্য হামলার দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *