গুজরাটের সেতু বিপর্যয় থেকে শিক্ষা রাজ্যের!

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডল: গুজরাটের সেতু বিপর্যয় থেকে শিক্ষা নিল রাজ্যের পূর্ত দপ্তর। তাদের অধীনস্থ ২১০৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী। মঙ্গলবার পূর্তমন্ত্রী পুলক রায় ও পূর্ত দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা রাজ্য সমস্ত সেতুর স্বাস্থ্যের অবস্থা নিয়ে বৈঠকে বসেছিলেন। দীর্ঘ সময় পর বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, পূর্ত দপ্তরের অধীনে থাকা সমস্ত সেতু স্বাস্থ্য পরীক্ষা করানো হবে এবং নভেম্বর মাসের মধ্যে সমস্ত সমীক্ষা রিপোর্ট জমা দিতে হবে পুত্র দপ্তরের কাছে। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পুলক বাবু। তিনি আরো জানান যে সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে পূর্তদপ্তর।
গত রবিবার সন্ধ্যায় গুজরাটের মোরবিতে আচমকাই ভেঙে পড়ে প্রায় ১০০ বছরের পুরনো ঝুলন্ত সেতু। উল্লেখ্য, ওই সেতুটি সম্প্রতি সংস্কারের পর গত ২৬ শে অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। ঐদিনের দুর্ঘটনায় প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনার পর এবার সতর্ক পশ্চিমবঙ্গ সরকার।
প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতে মাঝেরহাট সেতু ভেঙে পড়েছিল, তখনো প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যের পূর্ত দপ্তরকে। তারপর থেকেই রাজ্যের একের পর এক সেতু পরীক্ষা করে পূর্তদপ্তরের সেতু বিশেষজ্ঞরা। সেই সমীক্ষার রিপোর্ট থেকেই টালা ব্রিজ ভেঙে ফেলে নতুন করে তৈরীর সিদ্ধান্ত হয়। ২০১৯ সালে টালা ব্রিজ ভাঙ্গার কাজ শুরু হয়। যা এবছর পুজোর আগেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ত দপ্তর সূত্রের খবর বৈঠকে বেশ কয়েকটি সেতুর দ্রুত মেরামতির করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেগুলোর নভেম্বর মাসেই প্রয়োজনীয় সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment