শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া লাগাম ফ্রান্সে!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করে এবার শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া লাগাম টানতে চলেছে ফ্রান্স। ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে। শিশুদের মানসিক স্বাস্থ্য, সামাজিক আচরণ ও সামগ্রিক বিকাশ সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে ফ্রান্স সরকার।

সোমবার স্থানীয় সময় ফরাসি পার্লামেন্টে দীর্ঘ সময় ধরে এই বিল নিয়ে আলোচনা হয়। রাতে ভোটাভুটিতে বিলটির পক্ষে পড়ে ১৩০টি ভোট, বিপক্ষে যান মাত্র ২১ জন সাংসদ। এর ফলে নিম্নকক্ষে সহজেই পাশ হয়ে যায় প্রস্তাবটি। এখন বিলটি পাঠানো হচ্ছে ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষ সিনেটে। সেখানে অনুমোদন মিললেই এটি আইনে পরিণত হওয়ার পথে আরও একধাপ এগোবে।  সরকারি সূত্রে জানা গিয়েছে, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই এই আইন কার্যকর করার লক্ষ্য রয়েছে। তখন ১৫ বছরের কম বয়সিরা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক-সহ কোনও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে পারবে না। শুধু তাই নয়, ইতিমধ্যেই যেসব নাবালকের অ্যাকাউন্ট রয়েছে, সেগুলিও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এই বিলকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লেখেন, “ফরাসি শিশু ও কিশোরদের সুরক্ষার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত।” তাঁর মতে, অল্প বয়সে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে শিশুদের উপর মানসিক চাপ, আসক্তি এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো সমস্যা বাড়ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও শুরু হয়েছে। ফ্রান্সের একাধিক শিশু সুরক্ষা সংগঠন এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। প্রায় ন’টি সংগঠনের যৌথ বক্তব্য, সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হবে না। তাদের দাবি, বরং এই প্ল্যাটফর্মগুলিকে আরও কঠোর জবাবদিহির আওতায় আনা হোক, যাতে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়। সব মিলিয়ে, শিশু-কিশোরদের ডিজিটাল জগতের প্রভাব থেকে রক্ষা করতে ফ্রান্স সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে। সিনেটের সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে দেশ-বিদেশের বিশেষজ্ঞ মহল।

দুবেলা নিউজকে follow করুনঃ

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment